বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রিয়াজ উদ্দিন | কক্সবাজার:

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ইয়াসিন আরাফাত (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা হলেও পরিবারসহ কক্সবাজার শহরের পেশকারপাড়ায় বসবাস করতেন। তিনি রামু সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব জানান, বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ঢেউয়ের তীব্র স্রোতে ভেসে যান ইয়াসিন। পরে সি সেফ লাইফগার্ড সদস্যরা দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা ইউসুফ জানান, প্রতি শুক্রবারের মতো বন্ধুদের সঙ্গে সৈকতে ফুটবল খেলতে গিয়েছিলেন ইয়াসিন। খেলা শেষে সমুদ্রে গোসল করতে নেমেই ঘটে এই দুর্ঘটনা। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের জন্য সাতকানিয়ায় নেওয়া হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই একই সমুদ্র সৈকতে গোসল করতে নেমে খুলনার পর্যটক হেলাল উদ্দিন নিখোঁজ হন ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা