শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ ছবি ছোটপর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মান

ছোটপর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মান

ছোটপর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন তারা। পর্দায় তাদের দারুণ রসায়ন থেকেই একসময় ছড়িয়ে পড়ে প্রেমের গুঞ্জন। তবে দীর্ঘদিন পর এবার সেই সম্পর্ক নিয়ে সরাসরি কথা বলেছেন খায়রুল বাসার। তিনি স্বীকার করেছেন, একসময় সাদিয়া আয়মানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে বর্তমানে তাদের মধ্যে সেই সম্পর্ক আর নেই।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলেন খায়রুল বাসার। সেখানে তিনি জানান, একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে বর্তমানে সেই সম্পর্কের জায়গায় আর কিছুই নেই।

খায়রুল বাসার বলেন, ‘ওর (সাদিয়া আয়মান) সঙ্গে প্রেম ছিল। তখন চাইতাম এটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিই। তবে ভালো কিছু ভালো রাখা কঠিন হয়ে যায়।’

তিনি আরও জানান, প্রায় তিন বছর ধরে সাদিয়ার সঙ্গে তার কোনো কাজও হয়নি। এরপরও বিভিন্ন আলোচনায় বারবার তাদের দুজনের নাম একসঙ্গে আসে।

সাদিয়া আয়মানের সঙ্গে তার প্রথম পরিচয়ের গল্পও অনুষ্ঠানে তুলে ধরেন খায়রুল। একটি বিজ্ঞাপনের জন্য শাড়িতে বাঙালিয়ানার আবহ ফুটিয়ে তুলতে পারেন—এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিল। তখন সাদিয়া আয়মানের নাম প্রস্তাব করেন তিনি।

খায়রুল জানান, এর আগে ইমরাউল রাফাতের একটি নাটকে সাদিয়াকে একঝলক দেখেছিলেন। সেই পরিচিতি থেকেই বিজ্ঞাপনের জন্য তার নাম প্রস্তাব করেন। পরে ওই বিজ্ঞাপনের কাজের মাধ্যমেই দুজনের প্রথম সরাসরি দেখা হয়।

প্রথম পরিচয়ের পর তাদের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। তবে বর্তমানে সেই সম্পর্ককে কী নামে অভিহিত করবেন, তা নিয়েও কিছুটা দ্বিধায় রয়েছেন খায়রুল।

তার ভাষায়, ‘এরপর মাঝে মাঝে আমাদের কথা হতো। তবে সম্পর্কটাকে আসলে প্রেম বলা যায় কি না, তা আমি আজও জানি না। এখন মনে হয়, আসলে আমাদের মধ্যে কিছুই ছিল না।’

একসময় পর্দার জনপ্রিয় জুটি হলেও প্রায় তিন বছর ধরে একসঙ্গে কোনো নাটকে দেখা যায়নি খায়রুল বাসার ও সাদিয়া আয়মানকে। কেন তাদের একসঙ্গে কাজ হচ্ছে না, তা নিয়েও ভক্তদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে খায়রুল বলেন, দুজনের জন্যই নিজেদের মতো করে স্বাভাবিকভাবে কাজ করে যাওয়াটা ভালো। একসঙ্গে কাজ না করাকেই তিনি এখন উভয়ের জন্য মঙ্গলজনক মনে করেন।

খায়রুল বাসার স্পষ্ট করে বলেন, এখন তাদের মধ্যে আগের মতো কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, ‘আমাকেও স্বাভাবিকভাবে নিজের মতো কাজ করে যেতে হবে, আর তাকেও স্বাভাবিকভাবে নিজের কাজ করতে হবে। সত্যি বলতে, আমরা সম্পর্কের সেই জায়গাটা রাখিনি।’

একসময় দর্শকের প্রিয় পর্দার জুটি ছিলেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। প্রেমের গুঞ্জন, একসঙ্গে অভিনয় আর তাদের রসায়ন নিয়ে ছিল ব্যাপক আলোচনা। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কের সমীকরণ বদলে গেছে। এখন দুজনই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত—আর পুরোনো সম্পর্ককে পেছনে ফেলে যে যার মতো এগিয়ে যাওয়ার কথাই জানালেন খায়রুল বাসার।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা