কামরুল ইসলাম কামাল, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস্”-এর বিরুদ্ধে ২০২৬ সনের এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জনের পেছনে ‘নিয়ম-বহির্ভূত কৌশল’ অবলম্বনের অভিযোগ উঠেছে। গত ১৬ আগষ্ট ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান জারিকৃত এক চিঠির মাধ্যমে প্রতিষ্ঠানের প্রধানকে স্ব-শরীরে উপস্থিত হয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে লিখিত কারণ ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য, ৯ম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীর তথ্য, এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর তথ্য এবং এসএসসি পরীক্ষায় ফরমপূরণকৃত শিক্ষার্থীর তথ্য (ক্ষেত্রমত পাঠদান, বিভাগ ও অতিরিক্ত শ্রেণি শাখার অনুমতিপত্রসহ) উপস্থাপন করতেও বলা হয়েছে।
এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক মো. ইমন আহমেদ বলেন, ‘শোকজের বিষয়ে আমরা অবগত আছি। আমাদের ৪৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০৩ জন টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় তাদের বাদ দিয়ে ৩৮২ জন শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তারা সবাই জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমাদের সব কাজের স্বচ্ছতা রয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই বোর্ডকে জবাব দেব।’
৪৫
