শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

এইচ এন আলম, ( কক্সবাজার ) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।

সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা পোল্ট্রি ফার্মের কাছে অবস্থান নেয়। রাত ৯টা ৩০ মিনিটের দিকে জেলে ছদ্মবেশে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

এ সময় সন্দেহভাজনরা একটি প্লাস্টিকের মাছের ড্রাম ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ড্রামটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পলাতক চোরাকারবারীদের আটক করতে ওই এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা