শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ছেলের সামনে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, কক্সবাজারে আটক ৩ নারী

ব্যক্তিগত সম্পর্কের বিরোধে হামলার অভিযোগ; হাসপাতালে মৃত্যুর পর চাঞ্চল্য

ছেলের সামনে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, কক্সবাজারে আটক ৩ নারী

রিয়াজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় ১২ বছর বয়সী ছেলের সামনে সানজিদা আক্তার রেশমি (৩৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন নারীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৯ জুন) রাতে নিজ বাসায় হামলার শিকার হওয়ার পর গুরুতর আহত অবস্থায় রেশমিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার (১০ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় এক ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের সঙ্গে রেশমির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন ওই ব্যবসায়ীর স্ত্রী ইয়াসমিন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাতে ইয়াসমিনসহ কয়েকজন নারী রেশমির বাসায় যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রেশমির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

ঘটনার সময় বাসায় থাকা রেশমির ১২ বছর বয়সী ছেলে সাব্বির মায়ের ওপর হামলা দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তিন নারীকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
নিহতের ছেলে সাব্বির জানায়, হামলার সময় বাসায় তার মা ছাড়াও আরও দুজন পুরুষ উপস্থিত ছিলেন। পরে কয়েকজন নারী বাসায় প্রবেশ করে তার মায়ের ওপর অতর্কিত হামলা চালায়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানান, স্থানীয়দের সহায়তায় তিন নারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, ছেলের সামনে মাকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা