এম হাশিম আলি প্রতিনিধি , ডিব্রুগড় থেকে : ডিব্রুগড়ের পাঁচআলি এলাকার বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী এবং ডিব্রু স্পোর্টস মার্টের স্বত্বাধিকারী মুহিদুর রহমান দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল সন্ধ্যায় ৫৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।সবার কাছে ‘মুন্না’ নামে পরিচিত মুহিদুর রহমান ডিব্রুগড়ের পাঁচআলিতে জন্মগ্রহণ করেন। তিনি অসমের খ্যাতনামা ফুটবলার প্রয়াত রফিউর রহমানের কনিষ্ঠ পুত্র ছিলেন।
ডিব্রুগড়ের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি পায়নিয়ার স্পোর্টিং ক্লাবের একজন সক্রিয় সদস্য ছিলেন। একজন অমায়িক ও সদালাপী ব্যক্তি হিসেবে পরিচিত মুহিদুর রহমান মৃত্যুকালে তাঁর স্ত্রী, এক কন্যা এবং এক পুত্র রেখে গেছেন।আজ ডিব্রুগড়ের স্থানীয় আমোলাপট্টি কবরস্থানে অসংখ্য গুণমুগ্ধ ও শুভানুধ্যায়ীর উপস্থিতিতে তাঁর জানাজা সম্পন্ন হয়।তাঁর অকাল প্রয়াণে ডিব্রুগড় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নিরঞ্জন শইকীয়া, কার্যকরী সভাপতি মানস জ্যোতি দত্ত, সাধারণ সম্পাদক কামাখ্যা শইকিয়া, ডিব্রুগড় ক্রিকেট কোচিং সেন্টারের সভাপতি জ্ঞান প্রকাশ শর্মা ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, ডিব্রুগড়ের সেন্টার ফর ইসলামিক স্টাডিজ, পাঁচআলি মসজিদ কমিটি, থলগিরি মুসলিম জাতীয় ঐক্য পরিষদসহ বহু সংগঠন ও প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
