মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলই গ্রামে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে।
একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের প্রাণহানির ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন— ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর, নেইমার ম্রং (১০), রতন নকরেক (২৫), গ্রাব্রিয়েল নকরেক (৪৫) এবং বাবলু হাজং (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার দিকে বাবলু হাদিমার বাড়ির পেছনে টয়লেট নির্মাণের জন্য একটি গভীর গর্ত খনন করা হয়েছিল। অসাবধানতাবশত একটি ছাগল সেই গর্তে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধার করার জন্য প্রথমে বাবলুর ১২ বছর বয়সী ছেলে নেইমার ম্রং গর্তে নামে। কিন্তু কিছুক্ষণ পরেও তার কোনো সাড়া-শব্দ না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে বাবা বাবলু হাদিমা নিজেই গর্তে নামেন।
দুর্ভাগ্যজনকভাবে বাবলুরও কোনো সাড়া পাওয়া যায়নি। তখন তাদের উদ্ধার করার উদ্দেশ্যে একে একে গাব্রিয়েল নকরেক এবং পরে রতন নকরেক গর্তে নামেন। কিন্তু তারাও আর উপরে উঠতে পারেননি। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের শত শত মানুষ জড়ো হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর তারা গর্তের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গর্তের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অথবা অক্সিজেনের স্বল্পতার কারণে একে একে চারজন অচেতন হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের মাতম বিরাজ করছে ।
