শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পূবাইলে বয়লার বিস্ফোরণে অটো গ্রীন অয়েল কারখানায় আগুনতিন ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

পূবাইলে বয়লার বিস্ফোরণে অটো গ্রীন অয়েল কারখানায় আগুনতিন ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর থেকে মো. জসিম উদ্দিন: গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় অটো গ্রীন অয়েল কোম্পানি নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার বয়লার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট (মাইজগাঁও) এলাকায় অবস্থিত কারখানাটিতে পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল উৎপাদন করা হয়। শনিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে হঠাৎ কারখানার বয়লার বিস্ফোরণের শব্দ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টঙ্গী স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স টঙ্গীর ডিউটি অফিসার সবুজ মিয়া জানান, বয়লার বিস্ফোরণের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রাথমিকভাবে বয়লার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কলেজ গেট এলাকায় বয়লার বিস্ফোরণের পর কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের ঘটনায় কারখানার ভেতরে থাকা বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, একই স্থানে এর আগে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ২০১৬ সালের ২৩ জানুয়ারি স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানায় বয়লার বিস্ফোরণে ছয়জনের মৃত্যু হয়। পরে কারখানাটির নাম পরিবর্তন করা হয়।
স্থানীয়দের অভিযোগ, আগের দুর্ঘটনার পরও কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ছিল। নতুন করে বয়লার বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা