ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র বিক্রয় প্রতিনিধি মোঃবিল্লাল হোসেন ভূইয়া (৫০) নিহত হয়েছেন। ২৯ জুন সোমবার দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন ভূইয়া মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের নান্নু ভূইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভালুকা উপজেলার চাপড়বাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন এবং একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডে সিনিয়র বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বিল্লাল হোসেন মোটরসাইকেলযোগে গফরগাঁও সড়ক থেকে ভালুকা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) মো: মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
৮৭
