মৌলভীবাজার থেকে সৈয়দ সিরাজুল ইসলাম হাসান: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) ও তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত সাব্বির (২৫) একই এলাকার শহিদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন যুবক একটি মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি হানিফ পরিবহনের বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ জানান, আহত তিনজনের মধ্যে দুইজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেন।
