রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চকবাজার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শাখার অধীন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ফি কালেকশন এটিএম বুথ থেকে ১৭ লক্ষ টাকা চুরির ঘটনার মূলহোতা পলাতক নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী (৫৬)-কে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
একই সঙ্গে তার হেফাজত থেকে ১৪,৮৪,৮২৮ (চৌদ্দ লক্ষ চুরাশি হাজার আটশত আটাশ) টাকা,ব্যবহৃত মোবাইল ফোন এবং ঘটনার সময় পরিহিত প্যান্ট ও শার্ট জব্দ করা হয়েছে।
গত ২৪ জুন ২০২৬ তারিখ দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চকবাজার শাখার অধীন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ফি কালেকশন এটিএম বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক সময়ের জন্য বুথ তালাবদ্ধ রেখে বাইরে যান। সেই সুযোগে নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী পূর্বপরিকল্পিতভাবে তৈরি করা নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করে ক্যাশ ড্রয়ার থেকে ১৭ লক্ষ টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফিরে এসে অর্থ অনুপস্থিত দেখতে পেলে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
এবিষয়ে পুলিশ কে অবহিত করার সাথে সাথে
জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিকনির্দেশনায় এবং সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম-এর নেতৃত্বে
সীতাকুন্ড মডেল থানা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ,প্রযুক্তিনির্ভর অনুসন্ধান,মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ,গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আন্তঃজেলা সমন্বিত অভিযানের মাধ্যমে আসামির গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। তদন্তের একপর্যায়ে জানা যায়,গ্রেফতার এড়াতে আসামি একাধিকবার অবস্থান পরিবর্তন করে কক্সবাজার ও পরবর্তীতে রংপুরে আত্মগোপন করে। সম্ভাব্য অবস্থানগুলোতে একের পর এক অভিযান পরিচালনা এবং প্রযুক্তিগত তথ্যের সফল ব্যবহারের মাধ্যমে রংপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার কতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামি আইয়ুব আলী (৫৬),কক্সবাজার সদর ৮ নাম্বার ওয়ার্ড়ের বৈদ্যেরঘোনা জাদিদ পাড়া রোড় দাবির আহাম্মদের ছেলে,তিনি প্রায় দেড় বছর ধরে সংশ্লিষ্ট এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
এবিষয়ে জেলা পুলিশ সূত্রে জানা যায় আইনি কার্যক্রম শেষ করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকল্পে চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় পেশাদারিত্ব, প্রযুক্তিনির্ভর তদন্ত এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
