শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ ভারী বৃষ্টিতে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, পানিবন্দিদের মাঝে ত্রাণ বিতরণ

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, পানিবন্দিদের মাঝে ত্রাণ বিতরণ

কক্সবাজার প্রতিনিধি: টানা ৬–৭ দিনের ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার সদর উপজেলার মধ্যম মুহুরীপাড়া এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের গনি সওদাগর পাড়াসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং সেখানে স্থাপিত তিনটি জরুরি আশ্রয়কেন্দ্রও পরিদর্শন করেন। এসময় তিনি পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, জেলার সব সুইচ গেট পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে দেওয়া হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলার বিভিন্ন উপজেলায় ৬৪০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে।
তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আক্রান্ত মানুষকে দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু রয়েছে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক পানিবন্দি ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসময় কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা