রিয়াজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি: রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রমে হোস্ট কমিউনিটির ন্যায্য কর্মসংস্থান নিশ্চিতের উদ্যোগ নিয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এনজিওসমূহে স্থানীয় জনগণের জন্য ন্যূনতম ৬০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়ার হাতে একটি ডি.ও. (ডেমি-অফিসিয়াল) পত্র হস্তান্তর করেছেন।
ডি.ও. পত্রে তিনি উল্লেখ করেন, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কক্সবাজারে দেশি-বিদেশি অসংখ্য এনজিও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রমের ফলে স্থানীয় হোস্ট কমিউনিটি দীর্ঘদিন ধরে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত নানা চাপের সম্মুখীন হলেও কর্মসংস্থানের ক্ষেত্রে তারা প্রত্যাশিত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, “রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় প্রভাব বহন করছে কক্সবাজারের হোস্ট কমিউনিটি। দীর্ঘদিন ধরে তারা সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তাই রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী এনজিওগুলোতে স্থানীয় জনগণের ন্যায্য কর্মসংস্থান নিশ্চিত করা সময়ের দাবি। আমি এনজিও বিষয়ক ব্যুরোর কাছে হোস্ট কমিউনিটির জন্য ন্যূনতম ৬০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিশ্চিতের অনুরোধ জানিয়েছি। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”
তিনি আরও বলেন, হোস্ট কমিউনিটির মানুষের জীবনমান উন্নয়ন, বেকারত্ব হ্রাস এবং স্থানীয় জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার স্বার্থে এ দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলোতে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত হলে সংকট মোকাবিলার পাশাপাশি হোস্ট কমিউনিটির প্রতি ন্যায়বিচারও প্রতিষ্ঠিত হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, রোহিঙ্গা সংকটের কারণে কক্সবাজারের মানুষ দীর্ঘদিন ধরে নানামুখী ক্ষতির শিকার হলেও কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এমপি কাজলের এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং হোস্ট কমিউনিটির দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
