আশুলিয়ায প্রতিনিধি : আশুলিয়ায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র ২৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, গত ২৫ জুন আশুলিয়ার পাড়াগাঁও এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। বহু খোঁজা
খুঁজির পরও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শিশুর নাম ফয়সাল হোসেন আবির। সে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে। বর্তমানে মায়ের সঙ্গে আশুলিয়ার পাড়াগাঁও নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। আবির স্থানীয় জিরাবো এলাকার জয়গুননেছা মাদ্রাসার কিতাব বিভাগের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ শিক্ষার্থীর মা আঙ্গুরী বেগম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,“গত ২৫ জুন বিকেল ৩টার দিকে আমার একমাত্র ছেলে বাসা থেকে বের হয়। এরপর থেকে আর তাকে খুঁজে পাচ্ছি না। তার কাছে কোনো মোবাইল ফোনও ছিল না। কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। অনেক জায়গায় খোঁজাখুঁজির পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই।”
এছাড়া আবিরের পরিবারের সদস্যরা জানান,সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। তাই কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত আশুলিয়া থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তারা। উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,“শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার ছবি ও পরিচয় দেশের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।”
