রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বসতঘরের আগুনে পুড়ে ভাইয়ের মৃত্যু, বোনের অবস্থা আশঙ্কাজনক

বসতঘরের আগুনে পুড়ে ভাইয়ের মৃত্যু, বোনের অবস্থা আশঙ্কাজনক

চাঁদপুর থেকে এ কে আজাদ : চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা দুই ভাই-বোনের মধ্যে দুই বছর বয়সী শিশু আনাছ হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার সাড়ে তিন বছর বয়সী বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনাছ হোসেন ও আহত মরিয়ম আক্তার ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।

স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দুটি বসতঘর পুড়ে যায়। এ সময় ঘরে থাকা দুই শিশু আগুনে দগ্ধ হয়। এতে ঘটনাস্থলেই শিশু আনাছের আগুনে পুড়ে মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় তার বোন মরিয়ম। তাকে বাড়ির লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মো. মিজানুর রহমান ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডে একটি শিশুর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত অপর শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা