রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে বিজিবির পৃথক অভিযানে নারীসহ আটক ৩

অস্ত্র-গুলিসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে নারীসহ আটক ৩

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি অভিযানে একজন নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এসব অভিযানে ১১ লিটার বাংলা চোলাই মদ, আগ্নেয়াস্ত্র, ২৫৪ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, শনিবার (২১ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় একটি মাহিন্দ্র গাড়িতে থাকা নারী যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় মহিলা সৈনিকের মাধ্যমে তল্লাশি করে ইয়াছমিন (৪০) নামের এক নারীর শরীরে বিশেষ কৌশলে লুকানো ১১ লিটার বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।

আটক ইয়াছমিন টেকনাফের পল্লানপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম মৃত আব্দুর রহমান।

অন্যদিকে, একই দিন রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের আদর্শগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি। বটতলী থেকে পর্যটনপাড়া আদর্শগ্রাম হয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি চালান নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে এলাকায় পাঁচটি চেকপোস্ট স্থাপন করা হয়।

অভিযান চলাকালে আদর্শগ্রামের একটি কাঁচা সড়কে দুটি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালকেরা বহন করা মালামাল সামনের একটি মোটরসাইকেলের আরোহীদের বলে জানান। বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা শর্টগান দিয়ে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি সেটি ফেলে পালিয়ে যান।

পরে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। সেখানে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় মো. মেহেদী হাসান (১৯) ও মো. ইব্রাহিম (১৮) নামের দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বাড়ি টেকনাফের নতুন পল্লানপাড়া ও দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক, ৯.৯৬ মিমি ক্যালিবারের ২৫৪ রাউন্ড গুলি, বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি টুল বক্স ও ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স।

এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার, বিভিন্ন দানার বিস্ফোরক পদার্থ, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল এবং ৩ কেজি পেরেক।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, দমদমিয়া চেকপোস্টে আটক নারী ও উদ্ধার করা মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। অন্য অভিযানে আটক দুজন, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও জব্দ করা যানবাহনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা