শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রূপগঞ্জে ডাকাতি, পালানোর পথেই খিলক্ষেতে পুলিশের জালে দুই সদস্য

রূপগঞ্জে ডাকাতি, পালানোর পথেই খিলক্ষেতে পুলিশের জালে দুই সদস্য

এস.এম.নাহিদ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রিসোর্টে সংঘবদ্ধ ডাকাতি চালিয়ে পালানোর কয়েক মিনিটের মধ্যেই রাজধানীর খিলক্ষেতে পুলিশের জালে ধরা পড়েছে ডাকাত দলের দুই সদস্য। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত হয়েছে বলে পুলিশের দাবি করা একটি হাইয়েজ গাড়িও জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন মো. শুক্কুর আলী (৫০) ও মো. আহাদ (২৪)।

খিলক্ষেত থানা পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে পূর্বাচল ২ নম্বর সেক্টরের একটি রিসোর্টে দুটি হাইয়েজ গাড়িতে করে আসা ১৮ থেকে ২০ সদস্যের সংঘবদ্ধ একটি দল ডাকাতি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খিলক্ষেত থানা পুলিশের একটি চৌকস দল ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে অবস্থান নেয়। রাত ৩টা ১০ মিনিটে ঢাকা অভিমুখী একটি সন্দেহভাজন হাইয়েজ গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।

পরে রূপগঞ্জ থানা পুলিশের সদস্যরা খিলক্ষেত থানায় এসে গ্রেপ্তার হওয়া দুজন এবং জব্দ করা গাড়িটিকে ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত হিসেবে শনাক্ত করেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের ও জব্দ করা গাড়িটি রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের দাবি, ডাকাত চক্রের পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা