শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হবিগঞ্জের আজমিরীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

লিটন পাঠান, হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে মোহন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৬-আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহন মিয়া ওই গ্রামের বাজিত উল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোহন মিয়া বাড়িতে ছিলেন। এ সময় তার স্ত্রী, মা আইবানু বিবি ও ছোট বোন কেউই ঘরে ছিলেন না। কিছুক্ষণ পর তার স্ত্রী লাভলী বেগম (৩০) ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে কৌশলে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহন মিয়া আর্থিকভাবে ঋণগ্রস্ত ছিলেন। কাকাইলছেও বাজারে তার একটি চা-বিস্কুটের দোকান ছিল, যা সম্প্রতি তিনি ছেড়ে দেন। কয়েক মাস আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী লাভলী বেগমও আগে বিবাহিত ছিলেন এবং তার আগের সংসারের একটি সন্তান রয়েছে। বিয়ের পর লাভলী মোহনকে ব্যবসা করার জন্য কিছু অর্থও দিয়েছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়েও মোহনের মধ্যে অসন্তোষ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন দৈনিক জনতাকে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা