শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কামরুল ইসলাম কামাল, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি মনজুর এলাহীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। সোমবার (১৭ আগস্ট) দুপুরে শিবপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বীর মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল গফুরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা রাশিদা বেগম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ. আব্দুর রহিম।

মতবিনিময় সভা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

সভায় শিবপুর উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা