মোঃ মজিবর রহমান, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীর ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি ও গোপনীয়তার অভিযোগ তুলে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দাসহ চাকুরি প্রার্থীরা। শনিবার দুপুরে মহাবিদ্যালয়ের প্রধান ফটক ও কলেজ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কলেজের সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ এবং অধ্যক্ষ ফারুক হোসেন আহমেদ অর্ধকোটি টাকার নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে স্বচ্ছতা ও প্রতিযোগিতা ছাড়াই গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা করছেন।
ভুক্তভোগী চাকরিপ্রার্থীদের দাবি, প্রথম দফায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর তাঁরা নিয়ম মেনে আবেদন করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর অজ্ঞাত কারণে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়। সে সময় অধ্যক্ষ পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের পর আগের আবেদনকারীদের অবহিত করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। পরবর্তীতে আবেদনকারীদের না জানিয়ে গোপনে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে পছন্দের প্রার্থীদের চূড়ান্ত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। শনিবার নিয়োগ বোর্ডের নামে যে কার্যক্রম পরিচালিত হয়েছে, সেটিকে ‘প্রহসন’ বলেও আখ্যা দেন তাঁরা। এ ছাড়া কয়েকজন প্রার্থীর কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগও তোলেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। পাতানো এই নিয়োগ বোর্ডের কার্যক্রম আমরা মেনে নেব না। এভাবে নিয়োগ দেওয়া হলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।”
এ সময় আন্দোলনকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— বর্তমান নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা, পুনরায় প্রকাশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আগ্রহী সবার আবেদনের সুযোগ নিশ্চিত করা এবং স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা।
মানববন্ধনে ‘গোপন নিয়োগ নয়, সবার জন্য সমান সুযোগ চাই’ এবং ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করো’ লেখা ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন মো. শাহানুর আলম, কে এম মিনহাজুল ইসলাম বিকাশ, আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ।
অন্যদিকে, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন আহমেদ। তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এবং সম্পূর্ণ নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া চলছে। পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগ সত্য নয়।”
এ বিষয়ে বক্তব্য জানতে কলেজের সভাপতি অ্যাডভোকেট বজলুর রশিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ছাড়া খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে, নিয়োগ নির্বাচনী বোর্ডে উপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি পরিচালক (পরিবহন) মিয়া মো. আল হারুন এবং সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার শফিকুল ইসলামের পরিচয় ও বক্তব্য জানতে চাইলে তাঁরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
