মোঃ মনজুর মোল্লা, ঢাকা : রাজধানীর গুলশান থানা এলাকায় দুটি স্পা সেন্টারে অভিযান পরিচালনা করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৮:০০টা থেকে ৯:৩০টা পর্যন্ত গুলশান থানা পুলিশের পৃথক টিম এই অভিযান পরিচালনা করে। গুলশানের ২৪ নম্বর রোডে অবস্থিত ‘গুলশান ওয়ান সেলুন’ এবং ৯৯ নম্বর রোডে অবস্থিত ‘হট স্টোন স্পা’—এই দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ২৪ জন পুরুষ ও ২৯ জন নারীসহ মোট ৫৩ জনকে আটক করা হয়।
ডিএমপি সূত্রে জানানো হয়েছে, রাজধানীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
