শাকিলা সুলতানা, ঢাকা : রাজধানীর বংশাল ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ধারাবাহিক অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এসময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্যান্ডের ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সজিব (২৮), মোঃ নিশান আহমেদ (২৫), রুবেল আহম্মেদ (৩৮) এবং নিত্য সরকার (১৯)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ আগস্ট গোয়েন্দা ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম বংশালের মোকিম বাজার রোডে অভিযান চালিয়ে সজিব ও নিশানকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাঞ্ছারামপুর এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের অন্য দুই সদস্য রুবেল ও নিত্য সরকারকে গ্রেফতার করা হয়।
অভিযানে উদ্ধার হওয়া বাইকগুলোর মধ্যে সুজুকি জিক্সার, হোন্ডা এক্স-ব্লেড, ইয়ামাহা FZS, টিভিএস রাইডার, রয়্যাল এনফিল্ড, হোন্ডা CBR এবং ইয়ামাহা R১৫-সহ বিভিন্ন জনপ্রিয় মডেলের মোটরসাইকেল রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় দণ্ডবিধির ৪১৩ ধারায় একটি মামলা (মামলা নম্বর-১২, তারিখ: ১৯/০৮/২০২৬) রুজু করা হয়েছে। ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চক্রের অন্যান্য সদস্যদের ধরতেও তাদের অভিযান অব্যাহত রয়েছে
