শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ নারী নিহত

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ নারী নিহত

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুরে বৃহস্পতিবার ( ২০ আগস্ট ) দুপুরের দিকে সখিপুর – গোড়াই সড়কের শোলাপ্রতিমা নামক এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে ।

দুর্ঘটনায় ইমু আক্তার (২০) নামে এক নারী নিহত হয়েছেন। মৃত ইমু আক্তার উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে।

তিনি ভূঞাপুর উপজেলার উত্তর বাড়ৈ গ্রামের রাজনের স্ত্রী। স্বামীর সঙ্গে গাজীপুর এলাকায় বসবাস করতেন ইমু। কয়েকদিন আগে শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি রতনপুরে বেড়াতে এসেছিলেন তিনি।

পরিবার এবং স্থানীয়রা জানান , ইমু আক্তার ছয় মাসের কন্যা শিশুকে নিয়ে সিএনজি যোগে সখিপুরে যাওয়ার পথে শোলাপ্রতিমার চামড়া পচা পুকুর এলাকায় চলন্ত সিএনজি থেকে থুতু ফেলার সময় তিনি মুখ বাইরে বের করেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজি তার মাথায় সজোরে ধাক্কা দেয়। এতে ইমু সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে শিশু সন্তানটি অক্ষত রয়েছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা