এম,এইচ,শাহজাহান আকন্দ, ছাতক,দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রাক্টরকে মোটরসাইকেলের সাইড দেওয়া নিয়ে বাকবিতণ্ডা ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঁঠালবাড়ী গ্রামের মো. ওয়াদুদ মিয়া ও আলী আশরাফের মধ্যে মোটরসাইকেলকে ট্রাক্টরের সাইড দেওয়া নিয়ে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মুরব্বিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
