শাহাব উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স। গত শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধভাবে আমদানি করা পণ্য পাচার রোধে বিজিবির চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। ভারতীয় অবৈধ মালামাল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের একটি আভিযানিক দল রেলস্টেশন এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
অভিযানকালে রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। প্রাথমিকভাবে জব্দ করা মালামালের সিজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। অবৈধভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহন করা এসব পণ্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয় বলে জানানো হয়েছে। জব্দ করা মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ছাড়া চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে সংস্থাটি।
