বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চাঁদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা অনুষ্ঠিত

চাঁদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাব মিলনায়তনে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ লতিফ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী।
পরে স্বাগত বক্তব্য দেন সভাপতি সোহেল রুশদী এবং বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক এম এ লতিফ।
সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, ‘চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন এবং প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। সাংবাদিকদের জন্য একটি সুন্দর ও কার্যকর পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাঠপর্যায়ের সাংবাদিকতায় শৃঙ্খলা, পেশাদারিত্ব ও পারস্পরিক সৌহার্দ্য ফিরিয়ে আনা হবে। সাংবাদিকরা যেন দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন, সে বিষয়েও প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।’

সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, বি এম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, কাদের পলাশ ও সিনিয়র কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম ও তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা এবং তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক মো. জাকির হোসেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য আলম পলাশ, ফারুক আহম্মদ, এ কে আজাদ, মো. নেয়ামত হোসেন ও মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, পারস্পরিক সমন্বয় ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুর প্রেস ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য, সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। পাশাপাশি সাংবাদিক সমাজ ও গণমানুষের কল্যাণে সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা