শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ অভ্যন্তরীণ কোন্দলে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, অপহরণ, চাঁদা দাবির অভিযোগে এহসান জাকারিয়া সহ আটক ৫

অভ্যন্তরীণ কোন্দলে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, অপহরণ, চাঁদা দাবির অভিযোগে এহসান জাকারিয়া সহ আটক ৫

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলা, হত্যার হুমকি, অপহরণের চেষ্টা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সিনিয়র আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় আহত এনসিপি নেতা তামিম আহমদ বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেছেন। মামলাটি কুলাউড়া থানার মামলা নম্বর-২৮। পুলিশ বলছে, আটক পাঁচজনকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

আটক ব্যক্তিরা হলেন মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সিনিয়র আহ্বায়ক এহসান জাকারিয়া (৩২), তোফায়েল আহমদ (২৭), সাহেল আহমদ (২২), ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া (২২)।

চাঁদা দাবির অভিযোগ
মামলার বাদী তামিম আহমদ মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, দলীয় পদ ও জেলা কমিটিতে নাম অন্তর্ভুক্তির বিষয়কে কেন্দ্র করে এহসান জাকারিয়াসহ কয়েকজন তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

অভিযোগে তামিম আরও উল্লেখ করেন, অভিযুক্তদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার পর এহসান জাকারিয়া ও তারেক জামিল তাঁকে হত্যার হুমকি দেন।

অভিযোগপত্রে বলা হয়, গত ২৭ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে তামিম আহমদ কয়েকজন সহযোগীকে নিয়ে মৌলভীবাজার থেকে বড়লেখার দিকে যাওয়ার সময় কুলাউড়ায় তাঁদের পথরোধ করা হয়। এ সময় এহসান জাকারিয়াসহ অন্যরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ
তামিমের অভিযোগ, একপর্যায়ে অভিযুক্তরা লোহার রড, কাঠের বর্গা ও ধারালো দা নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এহসান জাকারিয়া লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করতে গেলে তিনি বাম হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন। এতে তাঁর বাম হাতের অনামিকা আঙুলে রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তোফায়েল আহমদের বিরুদ্ধে কাঠের বর্গা দিয়ে তাঁর বাম পায়ের হাঁটুর নিচে আঘাত করার অভিযোগ করেছেন তামিম। তাঁকে রক্ষা করতে এগিয়ে আসা কয়েকজনও হামলায় আহত হয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আহতরা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এহসান জাকারিয়া, তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়াকে আটক করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আটক পাঁচজনকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খাদেল আহমদ বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ বিষয়ে দলীয়ভাবে তদন্ত করা হবে।

মামলার বাদী তামিম আহমদ বলেন, পদ দেওয়ার বিষয়ে এহসান জাকারিয়াসহ আসামিরা আমার কাছে চাঁদা দাবি করেন। মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় আমাদের ওপর হামলা করা হয়।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের মাধ্যমে সংঘর্ষের প্রকৃত কারণ, হামলা ও চাঁদা দাবির অভিযোগের সত্যতা এবং ঘটনায় প্রত্যেকের ভূমিকা যাচাই করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা