মনোয়ার হোসেন সোহেল ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা মেয়ে নিহত হয় বলে জানা যায় । সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন মির্জাপুর উপজেলার দেওভোগ এলাকার শুভ তালুকদারের স্ত্রী ইসরাত জাহান আঁখি (২৩) ও তাদের দেড় বছর বয়সী মেয়ে ইফাত।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে স্বামীর বাড়ি থেকে মেয়ে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় সখিপুরের পাহাড়কাঞ্চনপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আঁখি।
সিএনজিটি নলুয়া-বাসাইল রোডের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
