শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন : বিএফইউজে সভাপতি

কক্সবাজারে পিআইবির এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন : বিএফইউজে সভাপতি

এইচ এন আলম, ঈদগাঁও কক্সবাজার : পর্যটন, সীমান্ত ও রোহিঙ্গা ইস্যুর কারণে জাতীয়ভাবে কক্সবাজারের গুরুত্ব অনেক বেশি। এ অঞ্চলের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

রোববার (৩০ আগস্ট) কক্সবাজারের অরুণোদয় অডিটোরিয়ামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালার কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক এইচ এন আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম হেলালী।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুর রহমান শাহীন বলেন, ‘অনেকে বলেন, ঢাকার পরে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল চট্টগ্রাম। কিন্তু আমি বলি, কক্সবাজারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পর্যটন শিল্প, রোহিঙ্গা জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। পাশাপাশি কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অঞ্চল।’

তিনি আরও বলেন, ‘এ এলাকা থেকে সরকার প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব আয় করে। এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তাই সম্ভব হলে প্রতি মাসে একটি করে প্রশিক্ষণের আয়োজন করা উচিত।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর।

প্রশিক্ষক হিসেবে কর্মশালায় রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জালিম খান।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, এর সম্ভাবনা ও ঝুঁকি, তথ্য যাচাই এবং ফ্যাক্ট চেকিংয়ের আধুনিক কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মশালায় স্থানীয় সাংবাদিকরা অংশ নিয়েছেন। সমন্বয়কারী জিলহাল উদ্দিন নিপুন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা