মোঃ মনজুর মোল্লা : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সিটি অনলাইন লোন সার্ভিস’ নামে ভুয়া পেজ খুলে সহজ শর্তে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা চালিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র।
সম্প্রতি ফেসবুকে দ্য সিটি ব্যাংক লিমিটেডের লোগো ও মূল প্রতিপাদ্য ব্যবহার করে “ঘরে বসেই মোবাইল এর মাধ্যমে মিলবে ঋণ!” শীর্ষক বিভ্রান্তিকর প্রচার চালাতে দেখা গেছে পেজটিকে। অনুসন্ধানে দেখা যায়, আসল ব্যাংক অ্যাকাউন্ট এড়াতে এটি ‘Education’ ক্যাটাগরিতে চালানো হচ্ছে এবং এতে কোনো অফিশিয়াল ভেরিফাইড (ব্লু-ব্যাচ) চিহ্ন নেই।
প্রতারক চক্রটি মূলতঃ সহজ শর্তে ও দ্রুততম সময়ে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের কাছ থেকে সার্ভিস চার্জ, ফাইল প্রসেসিং ফি কিংবা জামানতের নামে বিকাশ ও নগদের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে লোন দেওয়ার নামে জাতীয় পরিচয়পত্র (NID), ব্যাংক অ্যাকাউন্টের গোপনীয় তথ্য ও ওটিপি (OTP) সংগ্রহ করে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এ বিষয়ে সিটি ব্যাংক কতৃপক্ষ ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সামাজিক মাধ্যমে যেকোনো ব্যাংক সম্পর্কিত আর্থিক লেনদেনের আগে অফিসিয়াল ভেরিফাইড পেজ ও নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। একই সাথে এ ধরনের ভুয়া পেজে কোনো ব্যক্তিগত তথ্য বা টাকা-পয়সা না দেওয়ার জন্য সর্বসাধারণকে সতর্ক করা হয়েছে
