মোঃ মনজুর মোল্লা : বাংলাদেশ কৃষি ব্যাংকে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী আউটসোর্সিং নিরাপত্তা প্রহরীরা চুক্তিভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ‘JSS’ এর চরম বৈষম্য, নির্যাতন ও বেতন আত্মসাটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ৪ দফা দাবি জানিয়েছেন। দীর্ঘ ১৫ বছর ধরে সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পাহারা দিলেও রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করে তারা প্রশ্ন তুলেছেন—“প্রতিষ্ঠান যখন সরকারি, তখন কর্মচারী কেন বেসরকারি?”
ভুক্তভোগী প্রহরীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকারি নীতিমালায় তাদের মূল বেতন ১৭,০০০+ টাকা ধার্য করা থাকলেও মধ্যস্বত্বভোগী JSS কোম্পানি প্রতি মাসে প্রায় ৯,০০০ টাকা কেটে নিয়ে মাত্র ৮,০০০ টাকা প্রদান করছে। এছাড়া বাৎসরিক উৎসব ভাতা, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা এবং আইনসম্মত ছুটি থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। কোন রকম কারণ দর্শানো ছাড়াই ২০১৮ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৫৪ জন কর্মীর মতো যেকোনো সময় চাকরিচ্যুত করার আতঙ্কে দিন কাটান তারা।
কর্মচারীদের মূল ৪ দফা দাবি:
১. ন্যায্য বেতন: পরিবার-পরিজন নিয়ে বাঁচার মতো ন্যায্য বেতন নিশ্চিত করা।
২. আউটসোর্সিং প্রথা বিলোপ: শোষণমূলক আউটসোর্সিং ব্যবস্থা বাতিল করে সরাসরি সরকারি রাজস্ব খাতে স্থায়ীকরণ।
৩. পেনশন সুবিধা: দীর্ঘ চাকরিজীবন শেষে সামাজিক নিরাপত্তার স্বার্থে পেনশনের আওতায় আনা।
৪. সমান সুযোগ-সুবিধা: অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান।
ভুক্তভোগীরা জানান, অভাবের তাড়নায় এতদিন মুখ বন্ধ রাখলেও এখন তারা মুক্তি চান। অবিলম্বে JSS কোম্পানির এই বৈষম্য ও আর্থিক অনিয়ম তদন্ত করে ৪ দফা দাবি মেনে নিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন
