নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (০২ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের সার্বিক সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি মামলায় মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। একই সাথে ২০টি অবৈধ গ্যাসের চুলা জব্দ ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে নরসিংদী শহরের পাটপট্টি, দত্তপাড়া, শাপলা চত্বর ও বাসাইল এলাকার বিভিন্ন আবাসিক বাসাবাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। সেখানে অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করে তাৎক্ষণিকভাবে তা বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহারিক ২০টি অবৈধ চুলা জব্দ করা হয়।
অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে ‘বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
অভিযান পরিচালনায় তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং নরসিংদী জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি রাজস্ব রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগ ও অবৈধ ব্যবহারের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।
