মোঃমনজুর মোল্লা : রাজধানীর ডেমরায় এক ব্যবসায়ীর বাড়িতে হেলমেট ও মুখোশ পরা দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি পিস্তল, ১টি শর্টগান, ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো : তরিকুল ইসলাম তাপস (৩৮) এবং মোঃ মাসুদ রানা (৩৫)।
পুলিশ জানায়, গত ২৮ আগস্ট ভোরে ডেমরার সারুলিয়া এলাকার ৩৮ নম্বর রানীমহল রোডে এক ব্যবসায়ীর বাড়িতে মোটরসাইকেলে এসে হামলা চালায় মুখোশধারী একদল দুর্বৃত্ত। তারা বাড়ির দ্বিতীয় তলার জানালা লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুলির ৪টি খোসা উদ্ধার করে। ওই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডেমরা এলাকা থেকে প্রথমে তাপসকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরাবো এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর তাদের দেখানো স্থান থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, একটি সিংগেল ব্যারেল পুরাতন শর্টগান ও ৮ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
