মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:: লংগদু উপজেলার মাইনীমুখ বাজার এলাকায় যৌথবাহিনীর অভিযানে রোহিঙ্গা সন্দেহে দুই নারীসহ নয়জনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাইনীমুখ বাজারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানায়, বুধবার দুপুরে রাঙামাটির রিজার্ভ বাজার হতে স্পিডবোটযোগে ১২সদস্যের একটি দল লংগদুর উদ্দেশে রওনা হয়ে মাইনীমুখ বাজারে অবস্থান নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে উক্ত দলের নয় সদস্যকে আটক করা হলেও দলের আরও তিন সদস্য পালিয়ে যেতে সক্ষম হন। আটককৃত নয়জনের মধ্যে দুইজন নারী সদস্য রয়েছেন। এরা হলেন- মোঃ সাব্বির, নুমাইর, শাওন, আব্দুল হাফেজ, নুরুল আমিন, মোঃ হোসেন, তৈয়ব, সাবিকুন ও তহুরা। আটক নয়জনের মধ্যে দুইজন নারী রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে , আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আসার কথা জানিয়েছেন এবং নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দিয়েছেন। তারা কী উদ্দেশ্যে লংগদুতে এসেছেন, পালিয়ে যাওয়া তিনজনের পরিচয় এবং এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না-তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এবিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত) স্বরজিৎ কুমার দে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
