শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সবাইকে নিয়ে ভোলার উন্নয়ন করবো, আমি সকল সাংবাদিকের পক্ষে’ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সবাইকে নিয়ে ভোলার উন্নয়ন করবো, আমি সকল সাংবাদিকের পক্ষে’ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

মোঃ এরশাদুল ইসলাম আজাদ, ভোলা প্রতিনিধি : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সবাইকে নিয়ে ভোলার উন্নয়ন করবো, আমি সকল সাংবাদিকের পক্ষে। সাংবাদিকদের সত্য নিউজ করার ক্ষেত্রে আমার পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই। আপনারা সত্যকে তুলে ধরে বিশ্ব-দরবারে ভোলাসহ বাংলাদেশের সুনাম অর্জন করবেন—এটাই আমার বিশ্বাস।”এবং আপনাদের যে কোন প্রয়োজনে আমার সাথে ঢাকা গিয়ে দেখা করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করবো।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবে জেলার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ভোলা প্রেসক্লাব আয়োজিত এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) ডা. শামীম রহমান, পুলিশ সুপার (এসপি), বিজেপি ও বিএনপির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের উদ্দেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, “আপনাদের পেশা সম্মানজনক পেশা । আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব থেকে ভোলা এবং ভোলা মানুষের জন্য সর্বোচ্চটা করবেন। সত্যকে তুলে ধরবেন। আপনাদের লেখনীর মাধ্যমে একটি দেশ ও একটি জাতি পরিবর্তন হতে পারে।”

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং মানুষের কথা বলার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ থাকা প্রয়োজন।

মন্ত্রী আরো বলেন, “আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। সত্য ঘটনা তুলে ধরবেন। কোনো ধরনের চাপ বা বাধার কাছে নতি স্বীকার না করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন—এটাই আমি প্রত্যাশা করি।”

ভোলা প্রেসক্লাবের প্রসঙ্গে তিনি বলেন, “আমি ভোলা প্রেসক্লাবের কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই।” সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডে তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করতে চান না বলেও জানান।

মতবিনিময় সভায় জেলার সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যা, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও গণমাধ্যমের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় মন্ত্রী সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

ভোলার উন্নয়নে মন্ত্রী মহাসড়ক, সেতু এবং মেডিকেল কলেজের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

চিকিৎসা সেবার উন্নয়নের ক্ষেত্রে তিনি বলেন, বর্তমানে দেশের হাসপাতালে কোন রোগী মারা গেলে মব সৃষ্টি করা হয়, আসলে কোন ডাক্তার ইচ্ছাকৃত ভাবে কোন রোগীকে মারে না, চিকিৎসার সময় মৃত্যুর ঘটনা সারা পৃথিবীর হাসপাতালেই রয়েছে, মব সৃষ্টি করার কারণে ভালো ডাক্তার ভোলায় আসতে চায় না বলে তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় জেলার সাংবাদিকরা, ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এছাড়া ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু ও প্রবীন সাংবাদিক আবু তাহের তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

সভা শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা