বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে কোটি টাকার প্রতারণা, ডিবি পুলিশের হাতে গ্রেফতার ২

কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে কোটি টাকার প্রতারণা, ডিবি পুলিশের হাতে গ্রেফতার ২

মোঃ মনজুর মোল্লা : কারারক্ষী ও আইনজীবীর ভুয়া পরিচয় দিয়ে আসামিদের জামিনের নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মোঃ আব্দুস সালাম (৪৯) ও মোঃ সুরুজ (২৬)। অভিযানে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

যেভাবে চলত প্রতারণা:
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি ওয়েবসাইট থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের নম্বর সংগ্রহ করত। এরপর তাদের মাধ্যমে কারাবন্দি আসামিদের তথ্য ও পরিবারের যোগাযোগের নম্বর জোগাড় করত। পরবর্তীতে পরিবারের কাছে ফোন দিয়ে নিজেদের একজন ‘কাশিমপুর কারাগারের কারারক্ষী সাইফুল’ পরিচয় দিত।

প্রতারকরা স্বজনদের বিশ্বস্ততা অর্জনে জানাত— নির্ধারিত আইনজীবীর বদলে মানবাধিকার সংস্থার আইনজীবী ‘সিরাজ’-এর মাধ্যমে আসামির জামিন করানো হয়েছে। এরপর চক্রের অপর সদস্য নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে অতি দ্রুত আদালতের কাগজপত্রের খরচের কথা বলে বিকাশ বা নগদে টাকা পাঠাতে বলত। ভুক্তভোগীরা টাকা পাঠানোর পরপরই তারা মোবাইল নম্বর বন্ধ করে স্থান ত্যাগ করত।

যেভাবে ধরা পড়ল:
গত ১ জুলাই ২০২৬ তারিখে হাতিরঝিল থানায় দায়ের হওয়া একটি ডিজিটাল প্রতারণার মামলা তদন্ত করতে গিয়ে এই চক্রটির সন্ধান পায় ডিবি। তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে ৩ সেপ্টেম্বর বিকেলে অভিযান চালিয়ে কালীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডিবি পুলিশের সতর্কবার্তা:
না চিনে বা পরিচয় নিশ্চিত না হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে ডিবি। অনলাইনে কারো পরিচয় নিয়ে সন্দেহ হলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা