বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি দেশের পরিস্থিতি বর্তমানে কিছুটা স্থিতিশীল হলেও শক্তিশালী ভিত্তি গড়ে তোলা জরুরি : নাহিদ ইসলাম

দেশের পরিস্থিতি বর্তমানে কিছুটা স্থিতিশীল হলেও শক্তিশালী ভিত্তি গড়ে তোলা জরুরি : নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের পরিস্থিতি বর্তমানে কিছুটা স্থিতিশীল হলেও এই স্থিতিশীলতাকে টেকসই করতে শক্তিশালী ভিত্তি গড়ে তোলা জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদা, সুষ্ঠু বিচারব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা ছাড়া আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব না। সেই গণতন্ত্র কার্যকরও হবে না। কারণ গণতন্ত্র সব সম্প্রদায়ের মানুষের স্বাধীনতা, উৎসবের স্বাধীনতা ও নিজ নিজ ধর্মীয় আচার পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’

অতীতে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিভিন্ন সময় নির্যাতন-নিপীড়ন হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনায় কখনো রাষ্ট্র বা সরকার নীরব থেকেছে, আবার কখনো পরোক্ষভাবে এসব কর্মকাণ্ডকে সমর্থন জানিয়েছে। এর ফলে দেশে বিচারহীনতার একটি সংস্কৃতি গড়ে উঠেছিল।

তিনি বলেন, ‘সেই জায়গা থেকে আমরা অভ্যুত্থানের পর বারবার বলেছি, দেশের বিচারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আমরা এখনো সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি।’

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করা গেলে দেশের বিচারব্যবস্থা আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, এর মাধ্যমে সব সম্প্রদায়ের মানুষের বিচার পাওয়ার একটি কার্যকর জায়গা তৈরি হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা