সিরাজগঞ্জ থেকে মুহাম্মদ নজরুল ইসলাম : সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে পৃথকস্থান থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মাহমুদুল হাসান শাকিল হোসেন ওরফে সুটার শাকিল (২৩), তাড়াশ পৌর এলাকার ঘোষপাড়া এলাকার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আনন্দ ঘোষ (২৬) ও মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামের যুবলীগের সক্রিয় কর্মী ফারুক মৃধা (৩৫)। তাদের মধ্যে মাহমুদুল হাসান শাকিল ওরফে স্যুটার শাকিলের বিরুদ্ধে নাটোরের গুরুদাসপুর থানার হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানামূলে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্য মামলাও রয়েছে।
এদিকে, গ্রেপ্তারকৃত ছাত্র লীগ নেতা শাকিল ও আনন্দ ঘোষকে ছাড়াতে থানায় হাজির হয়ে তদবিরের মরিয়া হয়ে উঠেন তাড়াশ উপজেলা কৃষকদলের সভাপতি শ্রী: গোপাল চন্দ্র ঘোষ ও উপজেলা বিএনপির সহসভাপতি আশুতোষ স্যানাল।
পুলিশ জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে গতরাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, গ্রেপ্তারকৃত ছাত্রলীগের দুজনকে ছেড়ে দিতে থানায় তদবির করতে যাওয়া কৃষকদলের সভাপতি ও বিএনপি নেতার তদবিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের মধ্য ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের নেতাদের ছাড়াতে যাওয়া অভিযুক্ত উপজেলা কৃষকদলের সভাপতি শ্রী: গোপাল চন্দ্র ঘোষ ও উপজেলা বিএনপি সহসাধারণ সম্পাদক আশুতোষ স্যানাল কোন বক্তব্য দিতে রাজি হননি।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: ইমাম জাফর বলেন, ছাত্রলীগ নেতা স্যুটার শাকিলের নামে হত্যা মামলার ওয়ারেন্ট ছিল। এছাড়া নাশকতা ও হামলা মামলায় আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। তিন জনের বিষয়ে আমার জানা নেই। তবে শাকিলসহ দুই জনের বিষয়ে আমি জানি।
তবে আমি জেলা সদরে মিটিংয়ে চলে আসি। দুজন নেতা থানায় গিয়ে ফোনে তাদের বিষয়ে বলেছে। তাদেরকে সাফ জানিয়ে দিয়েছি আমি আইন অনুসারে কাজ চালিয়ে যাবো।
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল বলেন, কৃষক দল ও বিএনপি নেতার তদবিরের ভিডিও আমি দেখিনি। এ বিষয়ে কেউ আমাকে অবগত করেনি।
