শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ এলাকা কালিহাতীতে জামায়াতের ৫০ হাজার ভোটে ব্যথিত সারওয়াত সিরাজ শুক্লা

মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ এলাকা কালিহাতীতে জামায়াতের ৫০ হাজার ভোটে ব্যথিত সারওয়াত সিরাজ শুক্লা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, বার্ষিক পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক হিরো।

এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় সফল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা সাম্প্রতিক লংমার্চ প্রসঙ্গে বলেন, কর্মসূচির কারণে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।

তিনি বলেন, ‘কালিহাতী উপজেলায় প্রায় ১১শ মুক্তিযোদ্ধা রয়েছেন। এই কালিহাতী মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে অনেক বীর মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে। অথচ এই উপজেলায় জামায়াতে ইসলামী ৫০ হাজারের বেশি ভোট পেয়েছে—এটা আমাকে ব্যথিত করেছে।’

তিনি আরও বলেন, ‘যে কালিহাতীতে এত মুক্তিযোদ্ধা, যে কালিহাতীর মানুষের মুক্তিযুদ্ধের সঙ্গে এত গভীর সম্পর্ক, সেখানে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে যাদের রাজনৈতিকভাবে চিহ্নিত করা হয়, তারা যেন আর কোনো অবস্থান তৈরি করতে না পারে—এ বিষয়ে আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

আসন্ন উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন প্রসঙ্গে সারওয়াত সিরাজ (শুক্লা) বলেন, কালিহাতীর মানুষ যেন তাদের ভোটের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশের রাজনৈতিক বাস্তবতাকে বিবেচনায় রাখেন। তিনি জাতীয়তাবাদী ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তির প্রতি সমর্থন প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল করিম, এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, এলেঙ্গা বাসস্ট্যান্ড বাজার সমিতির সাধারণ সম্পাদক আঃ হালিম সরকার, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সেকান্দর আলী সিকদার (লেবু), বিএনপি নেতা আবু তালেব, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাশেদুল ইসলাম রতনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা