বেনাপোল প্রতিনিধি : পরিকল্পিত ভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও বেনাপোল পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল-পরবর্তী সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্য সচিব রাহানুজ্জামান দিপু উপস্থিত ছিলেন।
এ ছাড়া শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার ১১টি ইউনিয়ন এবং বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কেউ যেন দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
