শনিবার | সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ গ্রাম রক্ষায় গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে গ্রাম বন্ধ

জিন সাপ আতঙ্ক শালিখায় :

গ্রাম রক্ষায় গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে গ্রাম বন্ধ

শালিখা মাগুরা থেকে ইয়াছিন মোল্যা : মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামে অলৌকিক ‘জিন সাপ’-এর আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। সাপের কামড়ে এক শিশুর অকালমৃত্যু এবং পরপর একাধিক ব্যক্তি আক্রান্ত হওয়ার ঘটনায় পুরো গ্রামজুড়ে চরম ভীতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও গ্রামবাসীকে সুরক্ষার দোহাই দিয়ে ওঝার মাধ্যমে বড় গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে পুরো ‘গ্রাম বন্ধ’ করার আচার পালন করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সাপের কামড়ে প্রাণ হারায় গ্রামের মিঠুন মোল্যার ১০ বছর বয়সী ছেলে আবির। শিশুটি স্থানীয় একটি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই ছান্দড়া গ্রামে তথাকথিত ‘জিন সাপে’র উপদ্রবের গুজব ও খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, আবিরের মৃত্যুর পর থেকে গ্রামের অন্তত ১৬ থেকে ১৭ জন মানুষ সাপের কামড়ের শিকার বা আক্রান্ত হয়েছেন।
​
পরপর এমন ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়লে তা থেকে পরিত্রাণ পেতে শনিবার সকাল ১০টার দিকে এক কবিরাজি আচারের আয়োজন করা হয়। এর জন্য পাশের জেলা যশোরের বাঘারপাড়া থেকে এক সাপুড়ে বা ওঝা আনা হয়। পরে গ্রামবাসীর উপস্থিতিতে একটি বড় গাছের চূড়ায় লাল পতাকা বেঁধে, মন্ত্রপড়া ও বিশেষ নিয়ম পালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘গ্রাম বন্ধ’ করার ঘোষণা দেওয়া হয়।

​উক্ত আচারে উপস্থিত ছিলেন ছান্দাড়া ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন, তালখড়ি ইউনিয়ন শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক টিপু মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি | এছাড়া অলৌকিক এই দৃশ্য দেখতে এলাকার সর্বস্তরের নারী-পুরুষ ও উৎসুক জনতা ভিড় জমান।

​ঘটনাটিকে কেন্দ্র করে ছান্দড়া গ্রামসহ আশপাশের এলাকাগুলোতে এখন ব্যাপক চাঞ্চল্য ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা