মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আমতলীতে কাশফুলের ছোঁয়ায় নারীদের কাশবনে আগমন

আমতলীতে কাশফুলের ছোঁয়ায় নারীদের কাশবনে আগমন

আমতলী (বরগুনা) থেকে এসএম সুমন রশিদ : শরতের সাদা কাশফুলের মায়াবী সৌন্দর্যে সেজেছে বরগুনার আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের একটি এলাকা। রাস্তার পাশে গড়ে ওঠা বিস্তীর্ণ কাশবন এখন প্রকৃতিপ্রেমী মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে নারীরা দলবেঁধে সেখানে ঘুরতে এসে কাশফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন এবং স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন।

প্রতিবছর শরৎকালে এ এলাকায় কাশফুল ফুটলেও এ বছর তুলনামূলকভাবে ব্যাপক পরিমাণে কাশফুল ফুটেছে। রাস্তার দুই পাশে সাদা কাশফুলের সারি আর মৃদু বাতাসে দোল খাওয়া কাশবন পথচারীদেরও নজর কাড়ছে।

বিকেল হলেই বিভিন্ন বয়সী নারীসহ দর্শনার্থীদের ভিড় বাড়ছে কাশবনে। কেউ কাশফুলের মাঝে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউবা পরিবারের সদস্য ও বান্ধবীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে এ কাশবনের সৌন্দর্যের খবরও ছড়িয়ে পড়ছে।

দর্শার্থীরা জানান, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই কাশবন শরতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসছেন। তবে কাশবনের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় ফুল ও গাছপালা নষ্ট না করার আহ্বান জানিয়েছেন তারা।
কাশবনে ঘুরতে আসা রাসনা শারমিন চাঁদনী বলেন, ফুল মানুষের মন প্রফুল্ল ও সতেজ করে। আমরা পরিবারসহ কুয়াকাটা যাওয়ার পথে গাড়ী থামিয়ে আমরা একটু বিনোদন নিলাম ফুলের সাথে মিলেমিশে।

শরতের নীল আকাশ, সাদা মেঘ আর বাতাসে দুলতে থাকা কাশফুল—সব মিলিয়ে বৈঠাকাটার এই কাশবন যেন প্রকৃতির এক অপূর্ব সাজ। ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটাতে তাই এখানে ছুটে আসছেন অনেকেই।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা