বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা আবেগে আপ্লুত কাপ্তাইয়ের কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজের ১৮ শিক্ষক

৩৪ বছরের শিক্ষকতা শেষে বিদায়

আবেগে আপ্লুত কাপ্তাইয়ের কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজের ১৮ শিক্ষক

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতা জীবনের অবসান। শ্রেণিকক্ষ, সহকর্মী আর প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে বিদায় নিলেন কাপ্তাইয়ের কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজের বিভিন্ন সময়ে অবসরে যাওয়া ১৮ শিক্ষক। ফুলেল শুভেচ্ছা, সম্মাননা আর ভালোবাসায় তাঁদের বিদায় জানাতে গিয়ে আবেগঘন হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. নাসির উদ্দিন।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পলাশ মুৎসুদ্দী অনুষ্ঠানে সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সাইফুল আলম, ইসলামি শিক্ষা বিভাগের অধ্যাপক কায়সারুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক শ্যামলি দাশ, ইতিহাস বিভাগের অধ্যাপক শিবু শংকর বোস, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আবদুল হালিম জসিম এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে মঞ্চে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকরা বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন।

সংবর্ধিত শিক্ষকদের মধ্যে বাংলা বিভাগের অধ্যাপক দিলরুবা খানম ২০১৩ সালের ১০ জুন অবসরে যান। তিনি দীর্ঘ ৩৪ বছর ১০ মাস ১০ দিন শিক্ষকতা করেছেন। ইংরেজি বিভাগের অধ্যাপক মো. কামাল উদ্দিন ২০১৬ সালের ১৯ মে অবসরে যান। তাঁর শিক্ষকতা জীবনের মেয়াদ ছিল ২৭ বছর ৪ মাস ১৯ দিন। এ ছাড়া ২০২৫ সালে অবসরে যাওয়া শিক্ষকদেরও অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়।

সংবর্ধিত অন্য শিক্ষকরা হলেন—অধ্যাপক অমলেন্দু পাল (গণিত), অধ্যাপক দীপান্বিতা বড়ুয়া (বাংলা), অধ্যাপক এ বি এম ছায়েফ উল্যাহ (দর্শন), অধ্যাপক বিপুল কান্তি বড়ুয়া (ব্যবস্থাপনা), অধ্যাপক মো. ইউসুফ (ইসলামের ইতিহাস), অধ্যাপক মিনাক্ষী প্রভা বড়ুয়া (পালি), অধ্যাপক সুলতানা রাজিয়া (সমাজবিজ্ঞান), অধ্যাপক মো. জাকের হোসাইন (অর্থনীতি), অধ্যাপক লেখক সুদর্শন বড়ুয়া (পালি), অধ্যাপক আফসানা চৌধুরী (দর্শন), অধ্যাপক মনোয়ারা বেগম (সমাজবিজ্ঞান), অধ্যাপক মো. আজিম উদ্দীন (জীববিজ্ঞান), অধ্যাপক শামীমা বানু (প্রাণিবিজ্ঞান), অধ্যাপক মিলন কান্তি তঞ্চগ্যা (অর্থনীতি), অধ্যাপক মো. ওমর খৈয়াম চৌধুরী (দর্শন) এবং রসায়ন বিভাগের প্রদর্শক মো. কামাল।

বিদায়ী শিক্ষকরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতি, সহকর্মীদের সঙ্গে কাটানো আনন্দ-বেদনার মুহূর্ত এবং শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা আত্মিক সম্পর্কের কথা স্মরণ করেন তাঁরা। তাঁদের বক্তব্যে উঠে আসে শিক্ষকতা পেশার প্রতি গভীর ভালোবাসা, দায়িত্ববোধ ও অসংখ্য স্মৃতির কথা।

বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই বিতরণ করেন না; তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেন এবং আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবসর গ্রহণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দায়িত্বের অবসান হলেও শিক্ষার্থীদের হৃদয়ে একজন শিক্ষকের অবস্থান কখনো শেষ হয় না।

তাঁরা আরও বলেন, কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষা বিস্তার ও সুনাম বৃদ্ধিতে বিদায়ী শিক্ষকরা দীর্ঘ কর্মজীবনে যে অবদান রেখেছেন, তা কলেজ পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের অভিজ্ঞতা, শ্রম ও নিষ্ঠা আগামী প্রজন্মের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়। দীর্ঘদিনের কর্মস্থল থেকে বিদায়ের মুহূর্তে শিক্ষক, সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে শিক্ষার্থী মাচসিং মারমা ও তাঁর দল জাতীয় সংগীত পরিবেশন করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা