চৌদ্দগ্রাম কুমিল্লা থেকে কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ডিপ ফ্রিজ বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে দোকানে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।
সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে চৌদ্দগ্রাম বাজারে অবস্থিত বনফুল ডিপার্টমেন্টাল স্টোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দোকানের ভেতরে মালামাল গোছানো ও দেখাশোনার সময় হঠাৎ বিকট শব্দে একটি ডিপ ফ্রিজ বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে বিস্ফোরিত ডিপ ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দোকানে থাকা বিভিন্ন মালামাল আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
বনফুল ডিপার্টমেন্টাল স্টোরের প্রোপাইটর মোহাম্মদ রিয়াদুল ইসলাম বলেন, “আমাদের দোকানে থাকা একটি ডিপ ফ্রিজ হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। আমাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ডিপ ফ্রিজ বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেলেও অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে দেখা হচ্ছে।
