নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের তেরিজ পোল এলাকায় ২০২০ সালে পুলিশ চেকপোস্টে পাওয়া এক কিশোরীর অভিভাবকের সন্ধান চাওয়া হয়েছে।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্থাপিত পুলিশ চেকপোস্টে এসে কান্নাকাটি করছিল শিশুটি। সে জানায়, তার সৎ খালা আকলিমা তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে এনে রেখে চলে যান। পরে জিজ্ঞাসাবাদ করেও শিশুটির স্থায়ী ঠিকানা বা অভিভাবকের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ‘ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) বিধিমালা, ২০১৫’ অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের আদেশক্রমে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সরকারি শিশু পরিবার (বালিকা), মাইজদী, নোয়াখালীতে নিরাপদ হেফাজতে প্রতিপালনের জন্য পাঠানো হয়। পরে তাকে চট্টগ্রামের ফরহাদাবাদে মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন (সেইফ হোম)-এ স্থানান্তর করা হয়। বর্তমানে কিশোরী শিউলি সেখানেই অবস্থান করছে।
সমাজসেবা কার্যালয় জানায়, জিজ্ঞাসাবাদে কিশোরী তার নাম শিউলি এবং বর্তমানে তার বয়স আনুমানিক ১৩ থেকে ১৪ বছর বলে জানিয়েছে। তার বাবার নাম জহির এবং মা মৃত শিপা। সৎ মা/খালার নাম আকলিমা। তার বোনের নাম সুবর্ণা, সৎ ভাই জাহিদ, দাদার নাম হাশিম, দাদির নাম ফাতেমা, নানার নাম হামিদ এবং নানির নাম জান্নাত। তার বাড়ি সুবর্ণচর, নোয়াখালী বলে জানিয়েছে।
তবে এর বাইরে নিজের পরিবার বা ঠিকানা সম্পর্কে আর কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারছে না কিশোরীটি।
এ অবস্থায় কিশোরী শিউলির অভিভাবক বা স্বজনদের সন্ধান পেতে সর্বসাধারণের সহযোগিতা চেয়েছে সুবর্ণচর উপজেলা সমাজসেবা কার্যালয়।
কেউ শিউলির পরিচয় বা তার পরিবারের বিষয়ে তথ্য জানলে সুবর্ণচর উপজেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসার মোহাম্মদ নুরুন নবীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: মোহাম্মদ নুরুন নবী
উপজেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসার, সুবর্ণচর, নোয়াখালী।
মোবাইল: ০১৮৫৭-৯০৬৬১০
