কুতুবদিয়া, (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ায় অগ্নিকান্ডে ‘মরিয়ম মেডিকেল হল’ নামে একটি ওষুধের দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।
গত রবিবার দিবাগত রাত তিনটায় অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ভোররাতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। দ্বীপের আলী আকবর ডেইল ইউনিয়নের কিরণপাড়া এলাকার আবদু শুক্কুরের পুত্র আবদুল মালেকের ওষুধের দোকান ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। ওই সময় ওষুধের দোকানের মালিক আবদুল মালেক নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন।
পরে আগুনের লেলিহান- শিখা দেখে স্থানীয় লোকজন আগুন আগুন চিৎকার করে উদ্ধারে এগিয়ে আসে। ওই সময় দোকানে থাকা মালিক আবদুল মালেককে কোন রকমে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সম্পূর্ণ দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের ওষুধ, মালামাল ও অন্যান্য মূল্যবান কাগজপত্রাদি পুড়ে প্রায় সাতলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
দোকানের মালিক ও পল্লীচিকিৎসক (এলএমএফ) আবদুল মালেক জানান, তিনি প্রতিদিনের ন্যায় ওষুধের দোকানে ক্রয় বিক্রয় শেষে ওই দোকানের রোগী দেখার পৃথক কক্ষে ঘুমিয়ে পড়ে। পরে ভোররাতে দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দোকানের ক্যাশে থাকা তার নগদ পাঁচলক্ষ বিরাশি হাজার টাকা সম্পূর্ণ পুড়ে গেছে। তাছাড়া সত্তর হাজার টাকার ওষুধ ও পাঁয়ত্রিশ হাজার টাকা মূল্যমানের আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গেছে বলে জানান।
তার মূল্যবান কাগজপত্রসহ এলএমএফ সনদও পুড়ে গেছে। ওই ঘটনায় থানায় আইনগত সহায়তার জন্য অভিযোগ করা হয়েছে বলে জানান ভুক্তভোগী আবদুল মালেক।
