কক্সবাজার থেকে রিয়াজ উদ্দিন : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক বিরোধের জেরে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে মো. ওমর (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সৎ পিতা ফেরদৌস (৩২) পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২-এর ইস্টার সি/৬ ব্লকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে শিশুটির মা শাবনুর ও তার স্বামী ফেরদৌসের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে ফেরদৌস তার সৎ ছেলে ওমরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিডিআরসিএস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ওমর কুতুপালং ক্যাম্প-২-এর ইস্টার সি/৬ ব্লকের বাসিন্দা। তার মা শাবনুর। অভিযুক্ত ফেরদৌস স্থানীয় রোহিঙ্গা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি টিটিএনকে অবহিত করা হয়। ঘটনার পর অভিযুক্ত ফেরদৌস পালিয়ে গেছে।
তিনি আরো জানান, তাকে আটকের জন্য ১৪ এপিবিএনের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন।
