বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাইয়ে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, পরে লিফলেট বিতরণ

কাপ্তাইয়ে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, পরে লিফলেট বিতরণ

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি : দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহম্মদ, সিনিয়র সহসভাপতি জাফর আহম্মদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সহসভাপতি মো. আবুল হাসেম মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু, যুগ্ম আহ্বায়ক সুমন মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রফিক ও ছাত্রদলের আহ্বায়ক সেকান্দর আলী রাসেল।

বক্তারা শান্তিপূর্ণ ও রাজনৈতিকভাবে যেকোনো অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

পরে কাপ্তাই উপজেলা সদরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এতে বিগত সরকারের সময়ে সৃষ্ট বিদ্যুৎ ও সার সংকট নিরসনে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরা হয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা