স্টাফ রিপোর্টার : মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত ও ভারতের মিজোরাম-ত্রিপুরা এলাকায় এক রাতেই পরপর তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ভূমিকম্পের কম্পন বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।
এর এক মিনিট পর রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।
পরে রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাতেও মৃদুভাবে অনুভূত হয়েছে।
অল্প সময়ের ব্যবধানে পরপর তিন দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় রাতের বেলায় বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
