কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : রাঙামাটির কাপ্তাইয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। গত সাত দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সাত দিনে শনাক্ত ২৫ রোগীর মধ্যে ১৩ জন নারী, ১০ জন পুরুষ ও ২ জন শিশু। এ পর্যন্ত হাসপাতালে ৪৪৯ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হননি। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর ঘটনাও ঘটেনি।
তবে রোগীর চাপ বাড়লেও হাসপাতালে রয়েছে জনবল ও চিকিৎসাসামগ্রীর সংকট। পাঁচটি এমএলএসএস পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন। দুটি আয়া পদে কেউ নেই। তিনটি ওয়ার্ডবয় পদের বিপরীতে রয়েছেন একজন এবং পাঁচটি ক্লিনার পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন। পাশাপাশি কিছু স্যালাইন, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর ঘাটতিও রয়েছে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, গত মাসের তুলনায় ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, মশার কামড় থেকে সুরক্ষিত থাকা এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকহর্তা রায়হানুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী প্রচার কার্যক্রম শুরু হয়েছে। প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে সেখানে মশকনিধন ওষুধ ছিটানোর ব্যবস্থা করা হবে।
